
(৭ মাস আগে) ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটা দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। অভিযানে আবু হানিফ (৩২) ও মো. ইউসুফ মোল্লা (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবু হানিফের পিতা মৃত সূর্য মিয়া ও মাতা হেনা বেগম। তার বাড়ি রূপগঞ্জ উপজেলার লাভড়াপাড়া এলাকায়। অপর আসামি মো. ইউসুফ মোল্লার পিতা ইয়াছিন মোল্লা ও মাতা জাহানারা বেগম। তার বাড়ি ঠাকুরবাড়িরটেক এলাকায়। উভয়েই রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আবু হানিফের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে।