banglahour

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৬:২১ অপরাহ্ন

ডাক বিভাগ একটি সেবামুখী প্রতিষ্ঠান, তাই জনগণের আস্থা অর্জনই এ বিভাগের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।


শনিবার রাজধানীর ঢাকা জিপিও পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, সেবার মান উন্নত করা গেলে ডাক বিভাগের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হবে। ঢাকা জিপিও দেশের ডাক বিভাগের একটি ঐতিহ্যবাহী ও ল্যান্ডমার্ক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, এর পরিবেশ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও কার্যকর রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।


তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডাক বিভাগকে আরও আধুনিক ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, ডাক বিভাগের এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসটি একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এটি কার্যকরভাবে ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও যথাযথ ব্যবহারের ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ সম্পদ নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। প্রয়োজনে অর্থায়নসহ অন্যান্য সহায়তায় মন্ত্রণালয় সহযোগিতা করবে।


ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে মন্ত্রী বিটিসিএলের প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল