
(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৬:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩১ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় নদীর দখল ও দূষণ বন্ধের দাবিতে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে তিনটায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে এর আগে একই স্থানে “নদী বাঁচাও, দেশ বাঁচাও” প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন।
এ সময় বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জী, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের কলাপাড়া সমন্বয়ক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, দুই যুগ আগেও নদীতে শত শত নৌকা চলাচল করত এবং নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যেত। কিন্তু নদী দখল ও দূষণের কারণে এখন সেই দৃশ্য আর দেখা যায় না। নদী রক্ষার দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা নদীতে কাগজের নৌকা ভাসান।
এ সময় আন্ধারমানিকসহ জেলার সব নদীর দখলদারদের নাম প্রকাশ, অবৈধ দখল উচ্ছেদ এবং নদীগুলো দ্রুত খননের দাবি জানান বক্তারা।