banglahour

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়: প্রবাসী কল্যাণমন্ত্রী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৪ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ৮:৪২ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

সিলেট নগরীর শাহী ঈদগাহ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান প্রধান সমস্যাগুলো সমাধানে সব  বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহও পর্যায়ক্রমে দেশে আনা হবে। এছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে।

এবারের ঈদ জামাতের প্রস্তুতি সম্পর্কে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মতোয়াল্লী আরিফুল হক চৌধুরী জানান, ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স, সুপেয় পানির ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এবারের ঈদ জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক কামরান আহমদ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহেদ, সহকারী মতোয়াল্লী বদরুজ্জামান সেলিম ও আব্দুল মইন কয়সর, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির মতোয়াল্লী থেকে সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী নির্বাচিত হওয়ায় শাহী ঈদগাহ ব্যবস্থাপনার কমিটির পক্ষ থেকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল