banglahour

ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার, গ্রামবাসীর জন্য প্রবাসীর ইফতার

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি |

(৬ মাস আগে) ১৪ মার্চ ২০২৬, শনিবার, ১০:১৬ অপরাহ্ন

প্রায় দুই যুগ পর দেশে ফিরে দুই হাজারের বেশি এলাকাবাসীকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাজাখস্তান প্রবাসী ফরহাদ ওহাব আকন। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।


শনিবার সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ির আঙিনায় এ আয়োজন করা হয়। এর আগে শনিবার সকালেই দীর্ঘদিন পর দেশে ফেরেন তিনি।


জানা যায়, ফরহাদ ওহাব আকন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০০২ সাল থেকে কাজাখস্তানে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। দেশে ফেরার পর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সম্মানার্থে এই ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরহাদ ওহাব আকন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাজাখস্তানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ২০২৪ সালে প্রবাসী বাংলাদেশিরা আমাকে তাদের কমিউনিটির সভাপতি নির্বাচিত করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে সেখানে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছি। তাদের কর্মসংস্থান ও মৌলিক অধিকার রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছি।


তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘দুই যুগেরও বেশি সময় বিদেশে থেকে যা আয় করেছি, তার অনেকটাই দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছি। নিজের জন্য তেমন কিছু করিনি। বিদেশে থাকলেও সব সময় দেশের মানুষের কথা মনে পড়েছে। এলাকার মানুষের কথা ভেবে কষ্টার্জিত অর্থ দিয়ে বিভিন্ন সময় সাধ্যানুযায়ী সাহায্য সহযোগিতা করেছি। ভবিষ্যতেও ইউনিয়ন ও উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই।’
সভায় তার বাবা, সাবেক ব্যাংক কর্মকর্তা ওহাব আকনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদিউজ্জামান বধু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল