
(১ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ১২:৪৩ অপরাহ্ন
সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে মিসাইল হামলার আশঙ্কায় হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। প্রণালির প্রবেশমুখ পর্যন্ত পৌঁছেও শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি ফিরে গিয়ে পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় অবস্থান নিয়েছে। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করে। কিন্তু ওই সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পাওয়ায় এবং নিরাপত্তা ঝুঁকি বাড়ায় জাহাজের নাবিকেরা এগোতে সাহস পাননি। পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডও জাহাজটিকে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা অনুযায়ী জাহাজটি আবার পারস্য উপসাগরের ভেতরে ফিরে যায়।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা মেরিন ট্রাফিক–এর তথ্য অনুযায়ী, বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটি এখনও হরমুজ অঞ্চলের মধ্যেই রয়েছে। তাই নতুন করে কাতার থেকে পণ্য বোঝাই করার একটি পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।
বিএসসি সূত্রে আরও জানা গেছে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। ১১ মার্চ সেখানে পণ্য খালাস সম্পন্ন হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল।
তবে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে শুরু করে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের জেরে বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলের নৌ চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এমন পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জাহাজটি দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শিপিং করপোরেশন।
নাবিকদের ভাষ্য অনুযায়ী, ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এ সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পাওয়া গেলে এবং নিরাপত্তা সতর্কতা জারি হলে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতিতে বিদেশি বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজের ঘটনা নতুন নয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ শিপিং করপোরেশনের বাংলার সমৃদ্ধি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় জাহাজটির তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরে সেখানে আটকে পড়া ২৮ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।