
(৬ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৪৭ অপরাহ্ন
ঈদকে ঘিরে চারদিকে যখন উৎসবের আমেজ, তখন অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছেই নতুন পোশাক পাওয়া যেন স্বপ্নের মতো। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
সংগঠনটির সদস্যরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে নিজেদের জমানো টাকা দিয়ে ঈদের নতুন জামা কিনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করেন।
কুমিল্লা রেলস্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন, নারী উদ্যোক্তা ফৌজিয়া ইয়াসমিন, সাংবাদিক শাহজাদা এমরান, এইচ এম মহিউদ্দিন, সাংবাদিক জাহিদ পাটোয়ারী, সংগঠক সাকিল আহাম্মেদ, যোবায়ের হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সমাজে অনেক সুবিধাবঞ্চিত শিশু রয়েছে যারা ঈদের সময় নতুন পোশাক কিনতে পারে না। তাদের ঈদকে আনন্দময় ও রঙিন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সদস্যদের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছর ধরে সংগঠনটি এ কর্মসূচি পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, “আমাদের এই ছোট উদ্যোগ সমাজের অন্যদেরও অনুপ্রাণিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”