banglahour

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি বেসরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ।


রোববার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ জানায়, শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম শরীফ (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নীলগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।


মামলার অন্য আসামিরা হলেন— উপজেলার বশালগাঁও গ্রামের মৃত শামসুল হকের ছেলে জামাল উদ্দীন (৬৫), হরিপুরের ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মোকলেছুর রহমান (৩৫), তোররা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এরফান আলী (৪৫), ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে ফারুক (৩৮), মশানগাঁও গ্রামের ভটা মোহাম্মদের ছেলে মাসুদ রানা (৪০), কুদ্দুস আলীর ছেলে উজ্জল (৩৮), নন্দগাঁও গ্রামের আরিফ হোসেনের ছেলে আসিফ (৩০) এবং ভবানন্দপুর গ্রামের মতিউর রহমানের ছেলে মনিরুজ্জামান (৪০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কার্যক্রম চলাকালে একদল ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তারা জোরপূর্বক পরীক্ষার খাতা ও সংশ্লিষ্ট কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পরীক্ষাকেন্দ্রে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরীক্ষার কার্যক্রম ব্যাহত হয়।


ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনকে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫-৪০ জনকে অজ্ঞাত আসামি করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।


হরিপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল