banglahour

রাজবাড়ীতে ট্রাক উল্টে হেলপারের মৃত্যু, আহত চালক

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৪৯ অপরাহ্ন

রাজবাড়ীতে আলুবোঝাই একটি ট্রাক উল্টে চালকের সহকারী সজীব হোসেন (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।


রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর রাজবাড়ী–ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব হোসেন নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের পরিবর্তে সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন।


প্রত্যক্ষদর্শী মতিন শেখ বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন সহকারী সজীব হোসেন। ট্রাকটি কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সজীব মারা যান।


তিনি আরও জানান, বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সজীব ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে আছেন এবং চালক ট্রাকের ভেতরে আহত অবস্থায় রয়েছেন। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করলে তিনি জানান, তার সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।


আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ জানান, নিহত সজীবের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল