banglahour

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৫৩ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


রোববার (১৫ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা।


তিনি বলেন, ঈদে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে নগরীর বড় একটি অংশ ঢাকার বাইরে যাবেন। তাদের যাত্রা নিরাপদ করতে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশন ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্মড পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে।


ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং তিনটি বাস টার্মিনালে প্রায় ১০০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রায় ৬০০ অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।


ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, রপ্তানি পণ্য, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।


এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে বাস ও লঞ্চ টার্মিনাল এলাকায় জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।


ফাঁকা রাজধানীতে মোটর রেসিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, গতিসীমা লঙ্ঘন ও মোটর রেসিং প্রতিরোধে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, বনানী–আব্দুল্লাহপুর সড়ক ও গুলশান এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি নগরবাসীকে ঈদে ঢাকা ছাড়ার আগে বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা সচল রাখা, আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং প্রয়োজনে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন।


ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম এবং যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল