
(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ২:৫৯ অপরাহ্ন
মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, পল্টন, শাহআলী, মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, দক্ষিণখান, শাহজাহানপুর, চকবাজার ও মিরপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব ব্লক রেইড পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৪ পুরিয়া গাঁজা, ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০২ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরে গ্রেফতারকৃতদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
ডিবি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে পল্লবীর মিল্লাত ক্যাম্প, যাত্রাবাড়ীর ধলপুর সিটি পরী বস্তি, পল্টন এলাকার জাতীয় ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকা, শাহআলী মাজার এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, বাসাবো, দক্ষিণখান হাজীক্যাম্প, খিলগাঁও, বকশীবাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।