
(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৩:০৯ অপরাহ্ন
গ্লোবাল ফ্রড প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
United Nations Office on Drugs and Crime (UNODC) ও INTERPOL-এর যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এ সামিটে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশন ছাড়াও উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক এবং বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি সাইডলাইন বৈঠকের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে তার।
সামিটে যোগ দিতে আজ (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিয়েনার উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। সম্মেলন শেষে আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।