
(৭ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৪:১১ অপরাহ্ন
শেষ প্রান্তে এসে পৌঁছেছে বাঙালির আবেগ ও ঐতিহ্যের অমর একুশে বইমেলা। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কিছুটা বিলম্বে শুরু হলেও বইমেলার এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা। সংশ্লিষ্টদের মতে, ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে লেখক, প্রকাশক ও পাঠকদের প্রত্যাশা পূরণ করেছে এবারের মেলা।
রোববার শেষ হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলা। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে এবারের মেলায় দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে মেলার শেষ প্রান্তে এসে শনিবার অন্যদিনের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে পাঠক ও দর্শনার্থীদের ভিড়।
এবারের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টিসহ মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
মেলায় আসা পাঠক, ক্রেতা ও বিক্রেতারা জানান, নানা সীমাবদ্ধতা থাকলেও বইমেলার পরিবেশ ও আয়োজন নিয়ে তারা সন্তুষ্ট। অনেকেই শেষ সময়ে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে মেলায় ভিড় করছেন।
অন্যদিকে লেখকরাও তাদের নতুন প্রকাশিত বইয়ের বিষয়বস্তু, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে মেলার শেষ সময়েও নতুন অনেক বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে, যা বইপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।