banglahour

কলাপাড়ায় অশ্লীল ছবি ভাইরাল খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:০০ পূর্বাহ্ন

মনিরু ইসলাম  কুয়াকাটা  প্রতিনিধিঃ
পটুয়াখালীঃকলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

আদেশে বলা হয়, গত ১১ মার্চ থেকে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অশ্লীল ও অনৈতিক কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমাজের প্রচলিত শালীনতা, নৈতিকতা ও রুচিবোধে আঘাত লাগে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও রয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের নির্দেশনা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৫৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রবিধানমালার ৫৫(৫) ধারা অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। বিষয়টি তদন্তে সত্য উদঘাটন হবে। তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে আশা প্রকাশ করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। বিভিন্ন অভিযোগ পাওয়ায় শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বরখাস্তকালীন সময়ে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন রেজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল