banglahour

ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গণ উন্নয়ন প্রচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সারাদেশ | ডেস্ক রিপোর্ট।

(৪ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:০২ পূর্বাহ্ন

ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন প্রচেষ্টা (GUD)–এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী উদ্যোক্তা।
রোববার (১৫ মার্চ ২০২৬) ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমনগর এলাকার বাসিন্দা নারী উদ্যোক্তা মিতু আক্তার এ অভিযোগ করেন।


লিখিত বক্তব্যে মিতু আক্তার জানান, গণ উন্নয়ন প্রচেষ্টা (GUD) ১৯৯৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসা একটি জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ (PKSF)-এর অধীনে ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ক্ষুদ্রঋণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।


তিনি বলেন, কাশিমনগর স্ট্যান্ড মোড়ে একটি অটো রাইসমিল স্থাপনের জন্য তাকে ৩০ কোটি টাকা ঋণ দেওয়ার আশ্বাস দেয় সংস্থাটির কবিরাজপুর বাজার শাখা। ওই আশ্বাসের ভিত্তিতে ২০২২ সালের ২১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৬ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদের মাধ্যমে তার কাছ থেকে মোট ৬ কোটি টাকা নেওয়া হয়।


মিতু আক্তারের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে ঋণ দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাকে কোনো ঋণ দেওয়া হয়নি। বিষয়টি একাধিকবার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়কে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নেওয়া ৬ কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ঘটনায় সংস্থাটির কবিরাজপুর বাজার শাখার ব্যবস্থাপক আল মামুন মোল্লা, হিসাবরক্ষক আবুল বাসারসহ মোট ১২ জন জড়িত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মানিক মোল্লা, আরিফ হোসেন শেখ, মো. জাকির হোসেন বাবুল, মো. মাসুদ শেখ, রইছ খন্দকার ওরফে রাইহান ইসলাম, হেলাল কাজী, রইছ সিকদার, শফিকুল ইসলাম বাবুল, বি এম নুরুজ্জামান ও কাজিজ ফাতেমা।


তিনি আরও বলেন, প্রতারণার মাধ্যমে নেওয়া ৬ কোটি টাকা ফেরত না পেলে তিনি চরম ক্ষতির মুখে পড়বেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন।


এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। একই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনায় মাদারীপুরের রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ২৬/২৯২, তারিখ ১৫ নভেম্বর ২০২৪।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী উদ্যোক্তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল