banglahour

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদের জামা

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৮ পূর্বাহ্ন

ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত। তবে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে কিছু অজানা উদ্বেগও। কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছাত্রী কেয়াও তেমনই এক শিশু। তার বাবা একজন ভ্যানচালক। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে ঈদে নিজের পছন্দমতো পোশাক পাওয়া তার জন্য ছিল অনিশ্চিত।


তবে এবার ঈদটি কেয়ার জন্য হয়ে উঠেছে ব্যতিক্রম। প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে কেয়া জানায়, নিজের পছন্দমতো ঈদের পোশাক বেছে নিতে পেরে সে ভীষণ আনন্দিত।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য ঈদের পোশাক অনুদান হিসেবে আসে, তবে এবার অভিজ্ঞতাটি ছিল একেবারেই আলাদা। কারণ এবার শিশুরা নিজেরাই তাদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেয়ার মতো এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য আয়োজন করা হয় ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’। বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (BYO) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই উদ্যোগ বাস্তবায়ন করে।


দেশের ১৩টি জেলা—কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইল জুড়ে আয়োজন করা হয় ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য তৈরি করা হয় ভিন্নধর্মী এক অভিজ্ঞতা, যেখানে তারা বিভিন্ন পোশাক দেখে নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পায়।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “যখন একটি শিশু নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ পায়, তখন তা শুধু আনন্দই দেয় না, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।


বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, “বিওয়াইও-এর উদ্যোগে এবং গার্ডিয়ান লাইফের সহযোগিতায় এক হাজার শিশু তাদের পছন্দমতো রঙ ও ডিজাইনের ঈদের পোশাক পেয়েছে। দেশের ১৩টি জেলার বিভিন্ন স্থানে আমরা এই কর্মসূচি পরিচালনা করছি।


ঈদ এলেই যেখানে শপিংমল ও বাজারগুলোতে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ব্যস্ততা দেখা যায়, সেখানে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাকের আনন্দ অধরাই থেকে যায়। গার্ডিয়ান লাইফের এই উদ্যোগ সেই বাস্তবতায় এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি। ঈদের আগেই নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।


আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা ও ইতিবাচক সাড়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দিতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল