banglahour

চাঁদাবাজমুক্ত দেশ ও সিন্ডিকেটমুক্ত বাজার প্রত্যাশা জনগণের: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

রাজনীতি | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(৫ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:০৯ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সিন্ডিকেট চক্র এখনো বহাল তবিয়তে রয়েছে। সিন্ডিকেটমুক্ত করে বাজার নিয়ন্ত্রণ করা জরুরি। চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং সিন্ডিকেটমুক্ত বাজার প্রতিষ্ঠা করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে।


শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ হাজী ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, রমজান মাস ইবাদতের মাস, কুরআন নাজিলের মাস, মহানুভবতার মাস এবং আত্মসংযমের মাস। এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে তাকওয়াভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের পল্টন থানা ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ফয়েজ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।


মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান অস্বীকারকারীরা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকেই রাজপথে সক্রিয় ছিল এবং দলীয় ব্যানার নিয়ে আন্দোলনে অংশ নেয়। পরবর্তীতে দলের সিনিয়র নায়েবে আমীর দলীয় নেতাকর্মীদের নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে শাহবাগে অবস্থানরত ছাত্রদের আন্দোলনে যোগ দিলে আন্দোলনের গতি পরিবর্তন হয়।


তিনি আরও বলেন, কেউ স্বীকার না করলেও ইসলামী আন্দোলনের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং তা কেউ মুছে দিতে পারবে না।
অনুষ্ঠানে পল্টন থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল