banglahour

১৫ লাখ টাকা ঘুষের অভিযোগে রংপুরের উপ-পরিচালক রোকসানা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সারাদেশ | জুয়েল আহমেদ। রংপুর ব্যুরো।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:৫২ অপরাহ্ন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষক ও তিনজন কর্মচারীকে এমপিওভুক্ত করার নামে ১৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক রোকসানা বেগমের বিরুদ্ধে। চুক্তি অনুযায়ী পুরো টাকা না এনে ৮ লাখ টাকা নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে দুদক ও পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাইদুল ইসলাম।


সোমবার (১৬ মার্চ) বিকেলে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুপুরে রংপুর নগরীর কাচারীবাজার এলাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে ঘুষের টাকাসহ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা দায়ের করে।


সংবাদ সম্মেলনে মাইদুল ইসলাম বলেন, তার বাবা আব্দুর সবুর খানের দান করা এক একর জমিতে কাজাইকাটা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সামান্য ভুলের কারণে কয়েকজন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হতে পারছিলেন না। প্রতিষ্ঠানের জমিদাতা হিসেবে তিনি সাতজন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করে আসছিলেন। একপর্যায়ে তার সঙ্গে উপ-পরিচালক রোকসানা বেগমের কথা হয়।


তার দাবি, গত ডিসেম্বর মাসে রোকসানা বেগমের কার্যালয়ে তাদের মধ্যে আলাপ হয়। এ সময় প্রত্যেক শিক্ষকের জন্য ৬ লাখ এবং কর্মচারীদের জন্য ৩ লাখ টাকা করে দাবি করা হয়। পরে একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর জন্য মোট ১৫ লাখ টাকায় সমঝোতা হয়।


মাইদুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি সকালে তিনি সাত লাখ টাকা একটি উপহারের প্যাকেটে করে উপ-পরিচালকের কার্যালয়ে যান। এছাড়া তার ব্যাংক হিসাবে আরও এক লাখ টাকা ছিল। দুপুরে ফাঁকা সময়ে রোকসানা বেগম তাকে অফিসে ডেকে কত টাকা এনেছেন জানতে চাইলে তিনি আট লাখ টাকা এনেছেন বলে জানান।


তিনি বলেন, বিষয়টি শোনার পর রোকসানা বেগম সঙ্গে সঙ্গে স্বামী জাহেদুল ইসলামকে ফোন করে ৮ লাখ টাকা নিয়ে আসতে বলেন। এরপর তিনি উত্তেজিত হয়ে অফিসের গাড়িচালক শফিকুল ইসলাম ও কম্পিউটার অপারেটর আশরাফ আলীসহ কয়েকজন কর্মচারীকে ডাকেন। একপর্যায়ে তার ব্যাগ থেকে জোর করে টাকা বের করে নেওয়া হয় বলে অভিযোগ করেন মাইদুল ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, এ সময় তাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করতে চাপ ও ভয়ভীতি দেখানো হয়। পরে বিদ্যালয় রক্ষার স্বার্থে তিনি বাধ্য হয়ে পুলিশ, সাংবাদিক ও দুদকের কাছে তাদের শেখানো কথা বলেন।


মাইদুল ইসলাম বলেন, এর আগে তিনি পাঁচবার ওই কর্মকর্তার কার্যালয়ে গিয়েছেন এবং বিষয়টি নিয়ে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপে কথোপকথনও হয়েছে। কার্যালয়ের সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের মোবাইল ফোন পরীক্ষা করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।


তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক রোকসানা বেগম বলেন, “এ ঘটনায় দুদক বাদী হয়ে মামলা করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই সত্য। তিনি নিজেকে বাঁচানোর জন্য নানা ধরনের অভিযোগ করছেন।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল