banglahour

কালুখালীতে ফেয়ার প্রাইজ ও ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, দুই কেন্দ্র বন্ধ করলেন ইউএনও

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৭ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৯:১৪ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ফেয়ার প্রাইজ ও ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুইটি বিতরণ কেন্দ্র বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দিন।
সোমবার (১৬ মার্চ) সকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তিনি মদাপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ কেন্দ্র এবং বোয়ালিয়া ইউনিয়নের মনিরুজ্জামানের ফেয়ার প্রাইজ চাল বিতরণ কেন্দ্রের কার্যক্রম বন্ধ করে দেন।


জানা গেছে, সোমবার সকালে ইউএনও মেজবাহ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম মদাপুর ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক ভিজিএফ কার্ডধারী দুস্থদের ১০ কেজির পরিবর্তে মাত্র ৫ কেজি করে চাল বিতরণ করছেন। বিষয়টি হাতে-নাতে ধরা পড়লে ইউএনও তাৎক্ষণিকভাবে বিতরণ কার্যক্রম বন্ধ করে গুদামে তালা লাগিয়ে দেন।
ঈদ উপলক্ষে এ ইউনিয়নে ১ হাজার ২১৫ জন দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা ছিল।


পরে ইউএনও বোয়ালিয়া ইউনিয়নে মনিরুজ্জামানের ফেয়ার প্রাইজ চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় উপকারভোগীরা অভিযোগ করেন, সেখানে ৩০ কেজির পরিবর্তে ২৩-২৪ কেজি করে চাল দেওয়া হচ্ছে, কিন্তু টাকা নেওয়া হচ্ছে ৩০ কেজিরই।
অভিযোগের ভিত্তিতে ইউএনও কয়েকজন ভুক্তভোগীর প্রাপ্ত চাল ওজন করে এর সত্যতা পান। এরপর তিনি ওই কেন্দ্রের বিতরণ কার্যক্রমও বন্ধ করে গুদামে তালা লাগিয়ে দেন।


জানা গেছে, এই কেন্দ্র থেকে ৫১১ জন মানুষ ফেয়ার প্রাইজ কর্মসূচির সুবিধা পান। অভিযোগ রয়েছে, প্রতিবারই উপকারভোগীরা প্রায় ২ হাজার ৫৫৫ কেজি চাল কম পেয়ে থাকেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল