
(৭ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১০ পূর্বাহ্ন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বাস কাউন্টারে টিকিট বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে নারী যাত্রীদের সুবিধার্থে একটি নারী বান্ধব ‘পিংক অনন্যা টয়লেট’ উদ্বোধন করেন তিনি।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত টার্মিনাল। ঈদযাত্রা উপলক্ষে এখানে যাত্রীচাপ বাড়ছে এবং তা আরও বাড়তে পারে। তাই প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় টিকিট পান এবং বাসস্ট্যান্ডে শৃঙ্খলা বজায় থাকে। বিভিন্ন কাউন্টারে নির্ধারিত বা তার চেয়েও কম ভাড়ায় টিকিট বিক্রির তথ্য পাওয়া গেছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. সরওয়ার (বিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।