banglahour

কটিয়াদীতে রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত শিশু উদ্ধার

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ মার্চ ২০২৬, বুধবার, ৭:১২ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উজানচর এলাকায় স্থানীয়রা শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উদ্ধারের সময় শিশুটি অস্ফুটভাবে নিজের নাম ‘ফায়জা’ এবং বাড়ি ‘কিশোরগঞ্জ’ বলে জানায়। তবে কিছুক্ষণ পর আবার অচেতন হয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অচেতন হওয়ার আগে শিশুটি প্রথমে নিজের নাম ‘সানজিদা’ বলেও উল্লেখ করেছিল।
প্রত্যক্ষদর্শী জোটন বর্মণ ও আব্দুল মান্নান জানান, কটিয়াদীর শেষ সীমানা ও বাজিতপুরের উজানচর সংলগ্ন এলাকায় রাস্তার পাশের জমিতে শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা স্থানীয়দের খবর দেন। পরে পুলিশকে অবহিত করা হয়।
উদ্ধারের সময় শিশুটির পাশে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগে নতুন এক জোড়া জুতা ও কিছু কাপড় ছিল বলে জানা গেছে।


কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর অক্সিজেনসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে।


এ বিষয়ে বাজিতপুর ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হানিফা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পূর্ণাঙ্গ পরিচয় বা কীভাবে সে সেখানে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল