banglahour

ঈদে কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: পার্বত্য মন্ত্রী

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২:০৮ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। এ সময় তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সরেজমিনে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বর ১৬১০৭ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে।


যাত্রীসেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট—পুলিশ, র‍্যাব ও ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক কাজ করছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি প্রতিটি টার্মিনালে ভাড়ার নির্ধারিত তালিকা টাঙানো হয়েছে। নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হলে যাত্রীদের দ্রুত অভিযোগ করার আহ্বান জানান তিনি।


মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। এ সময় তিনি পাম্প মালিকদের উদ্দেশ্যে বলেন, “মুনাফার লোভে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, সহকারী একান্ত সচিব মো. আল আমিন এবং জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল