
(৭ মাস আগে) ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৭:০২ অপরাহ্ন
খুলনার লবণচরা এলাকায় বিয়েকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে নগরীর কৃষ্ণনগর শাহজালাল নগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন— কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) এবং পুত্রবধূ ফাহিমা (২৭)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর দুইজন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। জানা যায়, প্রায় তিন বছর আগে মাদক মামলায় কারাগারে থাকা অবস্থায় রাশিদুলের সঙ্গে ইমরান নামে এক ব্যক্তির পরিচয় হয়। পরবর্তীতে ইমরানের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়।
প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে, সেই সুযোগে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান— এমনটাই ধারণা স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।
এদিকে, খুলনায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সহিংস ঘটনার কারণে জনমনে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।