banglahour

খুলনায় প্রধান ঈদ জামাত সার্কিট হাউজ ময়দানে, শুভেচ্ছা জানালেন হুইপ বকুল ও এমপি হেলাল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ৬:৩৬ অপরাহ্ন

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন মাওলানা সালেহ আহমেদ।


জামাতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, জেলা প্রশাসক আসমা জামশেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা-সহ প্রায় অর্ধলক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।


সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডের মসজিদ ও ঈদগাহে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় চার শতাধিক মসজিদ ও ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।


জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি খালিশপুরের গোয়ালখালী কবরস্থান জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এ সময় তিনি বলেন, খুলনা-৩ আসনের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই এ সুবিধা পাবেন। বন্ধ কলকারখানা চালুর মাধ্যমে এ অঞ্চলের বেকারত্বসহ নানা সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি খুলনাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।


অন্যদিকে, খুলনার রূপসায় নিজ এলাকার জামে মসজিদ ঈদগাহে নামাজ আদায় করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষ এবার স্বস্তির মধ্যেই ঈদ উদযাপন করেছে। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল