banglahour

লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় ঈদের বৃহত্তম জামাত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৭ মাস আগে) ২১ মার্চ ২০২৬, শনিবার, ৬:৪২ অপরাহ্ন

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখে এবারও শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত। ঈদ জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।


শনিবার (২১ মার্চ) ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিদের ঢল নামে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এই ঐতিহাসিক ময়দানে। ১৯৯তম ঈদুল ফিতরের এই জামাতে অংশ নিতে এসে একসময় পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক, খোলা জায়গা এমনকি বাড়ির ছাদেও দাঁড়িয়ে নামাজ আদায়ের প্রস্তুতি নেন মুসল্লিরা।


কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একাধিক তল্লাশি পয়েন্ট পার হয়ে মুসল্লিরা জামাতে শরিক হন।  সকাল ১০টায় জামাত শুরুর আহ্বান জানান ঈদের ইমাম মুফতি আবুল খায়ের মোঃ সাইফুল্লাহ। এরপর শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করেন ইমাম।


পরে আবেগঘন মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। পাপমুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় অনেক মুসল্লিকে চোখের পানিতে ভেঙে পড়তে দেখা যায়। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, বৈশ্বিক শান্তি এবং বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।


ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় একশ’ বছর আগে একসঙ্গে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ঘটনা থেকেই এই ময়দানের নাম হয় ‘সোয়ালাখিয়া’, যা সময়ের পরিক্রমায় ‘শোলাকিয়া’ নামে পরিচিতি পায়।


রেওয়াজ অনুযায়ী  নামাজ শুরুর আগে শটগানের গুলি ছুড়ে মুসুল্লিদের নামাজের প্রস্তুতির আহ্বান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল