
(৭ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন
ঈদের আনন্দের মধ্যেও থেমে থাকেনি কুড়িগ্রামের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও জেলার ৪০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র খোলা রেখে জনসাধারণকে নিয়মিত সেবা দেওয়া হচ্ছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, সরকারি ছুটি থাকা সত্ত্বেও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মকর্তা, চিকিৎসক ও মাঠপর্যায়ের কর্মীরা দায়িত্ব পালন করছেন। এসব কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, স্বাভাবিক ডেলিভারি, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবাসহ জরুরি স্বাস্থ্যসেবা ২৪ ঘণ্টা চালু রয়েছে।
এরই ধারাবাহিকতায় ঈদের দিন রাত ৮টা ৩৫ মিনিটে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে বলে জানা গেছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক বলেন, “ঈদের ছুটিতেও আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা অব্যাহত রেখেছি। জনগণের সেবা নিশ্চিত করতে সার্বিক তদারকি করা হচ্ছে।”
সহকারী পরিচালক মো. মেজবাহ উদ্দিন বলেন, “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে আমাদের মাঠপর্যায়ের কর্মীরা সর্বদা সেবা প্রদানে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।”
ঈদের ছুটিতে এমন নিরবচ্ছিন্ন সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগকে জনস্বার্থে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ছবি: ঈদের দিন আন্ধারীঝাড় উনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।