banglahour

নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ঈদ আনন্দে মুখর কুয়াকাটা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৭ মাস আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৪:২৫ অপরাহ্ন

ঈদের দিন সকাল থেকেই সূর্যোদয় ও সূর্যাস্তের অপার সৌন্দর্যের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেমেছে পর্যটকদের ঢল।


ঈদের দিন থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও আজ বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। এমন মনোরম পরিবেশে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দীর্ঘ ২২ কিলোমিটার সৈকত। আগতদের নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


প্রতিবছরের মতো এবারও ঈদের দিন সকাল থেকেই পর্যটকদের ঢল নামে কুয়াকাটায়। তবে গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দর্শনার্থী কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে পর্যটকদের আনাগোনা। আজ দুপুর থেকে সেই ভিড় আরও বেড়ে যায়।


সৈকতে অবস্থানরত পর্যটকরা মেতেছেন আনন্দ-উচ্ছ্বাসে। কেউ বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়ে, কেউবা সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে ছোট ছোট ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। কেউ বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য, আবার অনেকেই প্রিয়জনের হাত ধরে সৈকতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।


শিশু থেকে বয়স্ক—সব বয়সী পর্যটকরাই মেতেছেন বালুর খেলায়। অনেকে ওয়াটার বাইক, মোটরবাইক ও ঘোড়ায় চড়ে ঘুরে দেখছেন বিভিন্ন দর্শনীয় স্থান। সব মিলিয়ে সৈকতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সৈকতের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্যটকরা।

পুরো রমজানজুড়ে পর্যটকশূন্য থাকার পর এখন পর্যটকদের ভিড়ে হাসি ফিরেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। অধিকাংশ হোটেল-মোটেলে রয়েছে আগাম বুকিং।
পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
 


দীর্ঘ এক মাস পর্যটকদের আগমন না থাকায় কুয়াকাটা সৈকতে বেড়েছে লাল কাঁকড়া ও অতিথি পাখির বিচরণ। সমুদ্রের পাশাপাশি এই প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন আগত পর্যটকরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল