banglahour

ধামরাইয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, স্বামী-ভাসুরদের বিরুদ্ধে থানায় অভিযোগ

অপরাধ | মো: সাফায়েত খান। ঢাকা (ধামরাই) প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৩ মার্চ ২০২৬, সোমবার, ৮:৪০ অপরাহ্ন

ঢাকার ধামরাই উপজেলায় স্বামী ও ভাসুরদের বিরুদ্ধে এক গৃহবধূকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন তাঁর স্বামী মো. ইউসুফ আলী (৪১) এবং ভাসুর মো. বাবুল (৪৫) ও নুরুল ইসলাম (৫০)। তাঁদের সবার পিতা বছুর উদ্দিন। ভুক্তভোগী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রামদাইল গ্রামের বাসিন্দা মোছা. তানিয়া আক্তার (২৯)।

লিখিত অভিযোগে তানিয়া আক্তার বলেন, প্রায় এক বছর ধরে স্বামী ও তার পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছে না। এ কারণে তিনি ছেলে তালহা মাহমুদকে (৯) নিয়ে মানিকগঞ্জ সদর এলাকায় বাবার বাড়িতে বসবাস করছেন। ছেলে কালামপুর বড়াটিয়া মাদ্রাসায় পড়াশোনা করে।

তানিয়া আক্তার জানান, গত ১৩ মার্চ সকাল ৯টার দিকে ছেলেকে দেখতে মাদ্রাসায় গেলে তিনি জানতে পারেন, তাঁর স্বামী ও পরিবারের লোকজন আগে গিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে চলে গেছেন। পরে তিনি স্বামীর বাড়িতে গেলে সেখানে তাঁকে আটকে রাখার পরিকল্পনা করা হচ্ছিল বলে তিনি শুনতে পান।

তার ভাষ্য, বিষয়টি বুঝতে পেরে তিনি বাড়ি থেকে বের হয়ে যেতে চাইলে এক ভাসুর ও এক চাচি শাশুড়ি তাঁকে আটকান। এরপর তাঁর স্বামী এসে মারধর শুরু করেন। ভয়ে তিনি দৌড়ে রাস্তায় বের হলে দুই ভাসুর তাঁকে ধরে রাখেন এবং তখনও তাঁর স্বামী তাঁকে মারধর করেন। পরে তাঁকে চুল ধরে টেনে আবার বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

তানিয়া আক্তার আরও অভিযোগ করেন, তাঁকে বেঁধে রেখে বাবার বাড়ির লোকজনকে ডেকে আনার পরিকল্পনা করা হয়েছিল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ১০ ভরি রুপা, ২০ ভরি স্বর্ণালংকার ও ৩৫ লাখ টাকা আনার মিথ্যা অভিযোগ তোলার কথাও বলা হয়েছে।

তানিয়া আক্তার বলেন, “আমাদের এখনো ডিভোর্স হয়নি। তবে প্রায় সাড়ে তিন মাস ধরে আমাদের মধ্যে মনোমালিন্য চলছে। আমার স্বামীর অশালীন ভাষা ব্যবহার, খারাপ আচরণ ও প্রায়ই মারধরের কারণে এই বিরোধ তৈরি হয়েছে।”

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক তারেক পারভেজ বলেন, জরুরী সেবা ৯৯৯ তানিয়া আক্তার নামে এক নারীর ফোন দেন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল