
(৭ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৫:২০ অপরাহ্ন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গরু কাটা গ্রামে ঈদের পরদিন অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ আনন্দ’ শীর্ষক এক ব্যতিক্রমী আয়োজন। খেলাধুলা, র্যাফেল ড্র ও মেধাবীদের সম্মাননার মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব গ্রামবাসীর মাঝে সৃষ্টি করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ঈদ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১২ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিটি খেলায় তিনজন করে বিজয়ীকে পুরস্কৃত করা হয়। খেলাগুলোর সার্বিক তত্ত্বাবধান ও দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির নির্ধারিত সদস্যরা, যারা নিজ নিজ খেলা পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
অংশগ্রহণকারীদের জন্য ১৯১টি জার্সি বিতরণ এবং একটি র্যাফেল ড্র আয়োজন করা হয়, যেখানে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের। উক্ত গ্রাম থেকে পূর্বে এ প্লাস প্রাপ্ত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মোট ১১ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঈদের পরদিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গরু কাটা গ্রামে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের দুই আলোকিত ব্যক্তিত্ব ফরহাদ স্যার ও সেলিম স্যার। দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য মেধাবী শিক্ষার্থী গড়ে তোলায় তাদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইইটির চেয়ারম্যান ক্যাপ্টেন জুলফিকার আলী, শওকত স্যার, প্রিন্সিপাল তৌহিদ তারেক, শাহ ফয়সাল, ডাক্তার মিনহাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইইইটির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফিরোজ উদ্দিন, আবু সুফিয়ান, আনসার, সোহেল, আহসানসহ স্থানীয় তরুণদের সম্মিলিত উদ্যোগে আয়োজনটি বাস্তবায়িত হয় এবং পুরো অনুষ্ঠানের আয়োজনের ছিল আইইইটি লিমিটেড। (IEET Ltd)।
দিনব্যাপী এই উৎসবে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আনন্দঘন এই আয়োজন ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।