banglahour

উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসক, কাজের মান শতভাগ নিশ্চিতের নির্দেশ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(২ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৫:২১ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে তিনি নগরের ৭, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শনকালে তিনি জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় কাজের প্রাক্কলিত ব্যয়, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শনেরও নির্দেশনা দেন।


নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত কাজ সম্পন্নের ওপর গুরুত্বারোপ করে সিসিক প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। কাজের দীর্ঘসূত্রতা বা অব্যবস্থাপনার কারণে কোনো নাগরিক যেন কষ্টে না পড়েন, সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।


তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের নোয়া খুরুমখলা, ৩৮ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ আবাসিক এলাকা, ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া ও পশ্চিম পীর মহল্লায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।


এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও মো. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল