banglahour

বিশ্বনাথে ওরস নিয়ে বিরোধের নিষ্পত্তি করলেন এমপি তাহসিনা রুশদীর

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(২ মাস আগে) ২৫ মার্চ ২০২৬, বুধবার, ৭:৪৯ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসকে কেন্দ্র করে আলোচিত ঘটনার অবসান ঘটেছে স্থানীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সরাসরি হস্তক্ষেপে। উপজেলা পরিষদ মিলনায়তনে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে তিনি আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করেন।


এরআগে দুপুরে তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজার ও ক্ষতিগ্রস্ত মসজিদ পরিদর্শন করেন।


বৈঠকে এমপি লুনা স্পষ্ট নির্দেশনা দেন, উপজেলার কোনো মাজারেই ওরস উপলক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না। তিনি বলেন, ধর্মীয় পরিবেশ বজায় রাখতে ওরসে জিকির ও ভক্তিমূলক গানই সীমিত পরিসরে স্পিকারে প্রচার করতে হবে।


এছাড়া তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন, মাজারকেন্দ্রিক কোনো অনুষ্ঠানে মদ, গাঁজা কিংবা অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ওরস মাহফিলে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখারও নির্দেশ দেন তিনি।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো মইনুল হকসহ উপজেলা বিএনপির নেতাকর্মী এবং উভয় পক্ষের নেতৃবৃন্দ।


উল্লেখ, গত ২২ মার্চ রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে শাহ ইব্রাহিম মাস্তানের মাজারে ওরসের ২য় দিনে মাইকে উচ্চসুরে গান বাজানোকে কেন্দ্র করে গানের আসরে হামলা করে গানের স্টেইজ ভাঙচুর করে দিয়েছে গ্রামের লোকজন। পরদিন সকালে পাল্টা হামলা করে মাজারের ভক্তরা গ্রামের লোকজনের বাড়িঘর ও মসজিদের গ্লাস ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠে।

এনিয়ে এলাকায়  উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল