
(৭ মাস আগে) ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তারা বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুরে পরিবেশ হয়ে ওঠে শোকাবহ ও গম্ভীর।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবেও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। একইসঙ্গে মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও তিনি পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন, যেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রত্যয় ব্যক্ত করেন।