
(৫ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ১১:৪২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া ‘অচেনা’ বন্যপ্রাণীর হামলায় এক গৃহবধূসহ অন্তত ৫টি গবাদিপশু আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতার গণপিটুনিতে একটি বন্যপ্রাণী নিহত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা মইনুল হকের স্ত্রী আমেনা বেগম (৪০) বাড়ির কাজ শেষে বাইরে বের হলে হঠাৎ দুটি বন্যপ্রাণী তাকে আক্রমণ করে। আত্মরক্ষার চেষ্টা করলে একটি প্রাণী তার নাকে কামড় দেয়। পরে প্রাণী দুটি আশপাশে থাকা প্রায় পাঁচটি গরুকেও আক্রমণ করে জখম করে।
আমেনার চিৎকারে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে একটি প্রাণী পালিয়ে গেলেও অপরটিকে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে গণপিটুনিতে প্রাণীটির মৃত্যু হয়।
গুরুতর আহত আমেনা বেগমকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সন্ধ্যার পর গ্রামবাসীরা লাঠি ও মশাল নিয়ে দলবেঁধে পাহারা দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল হোসেন।
তবে নিহত প্রাণীটির পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের অনেকেই এটিকে ‘হায়না’ দাবি করলেও বন বিভাগ বলছে, এটি বড় আকারের খেঁকশিয়াল হওয়ার সম্ভাবনাই বেশি।
ঠাকুরগাঁও জেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “প্রাণীটি দেখতে হায়নার মতো হলেও এটি সম্ভবত বড় খেঁকশিয়াল। বর্তমানে প্রজনন মৌসুম চলায় এ ধরনের প্রাণী আক্রমণাত্মক হয়ে লোকালয়ে ঢুকে পড়তে পারে।”
বন বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তবে সীমান্তঘেঁষা এলাকায় এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ বিরাজ করছে।