
(২ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ২:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৮ অপরাহ্ন
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়াকে সৌদিতেই জানাজা শেষে দাফন করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদের আলখারজ জামে মুহাম্মদ আল উসমান মসজিদে প্রথম এবং দ্বিতীয় জানাজা আলনাসফা কবরস্থানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শহরের আলনাসফা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে স্থানীয় কিং খালেদ হাসপাতালের মর্গ থেকে নিহতের মরদেহ আল খারিজের জামে মসজিদে নিয়ে আসা হয়। পরে সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়৷
জানাজা ও দাফনে অংশ নেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলোয়ার হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন রিয়াদ লেবার উইংয়ের কর্মকর্তা মুহাম্মাদ রেজা-ই-রাব্বী এবং মোহাম্মদ আলমগীর হোসেন।
নিহত বাচ্চু মিয়ার মামা মোঃ মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিবারের সম্মতিতে বাচ্চু মিয়ার লাশ সেখানেই দাফন করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি স্থানীয় সময় ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে কিশোরগঞ্জের বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন। নিহত অপরজন মোশাররফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় আরও ১২ জন আহত হন। ক্যাম্পটির কাছাকাছি একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানা যায়।