banglahour

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি।

(১ মাস আগে) ২৮ মার্চ ২০২৬, শনিবার, ২:৩১ অপরাহ্ন

বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণ
দেখিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মো. ফারুকউজ্জামান মিয়া।

শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারও প্ররোচনা ছাড়াই এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে তিনি রাজনীতি থেকে অবসরে যাচ্ছেন। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন না।
মো. ফারুকউজ্জামান মিয়া বর্তমানে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়াদ শেষ হলে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন উপলক্ষে ফারুকুজ্জামান এর সফরসঙ্গী ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মিয়া, সালথা উপজেলা পরিষদে আওয়ামীলীগ সমর্থিত সাবেক চেয়ারম্যান মো. অহিদুজ্জামান। তবে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলে সাংবাদিকদের ক্যামেরা এড়াতে সম্মেলন কক্ষ ত্যাগ করেন তারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল