
(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:২৭ অপরাহ্ন
রোববার সকাল ৯ টা ৫ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সাথে কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ করেই সচিবালয়ের ভেতরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাঁটা শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সচিবালয়ের অপর প্রান্তে অবস্থিত ছয় নম্বর ভবনে যান তিনি। যেখানে প্রায় ১০ টির মতো মন্ত্রণালয় রয়েছে। ভবনটিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে পাশের ৫ নম্বর ভবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সবশেষ তিন নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শন করে নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি। পরিদর্শনের পুরো এক ঘন্টা সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।