
(৭ মাস আগে) ২৯ মার্চ ২০২৬, রবিবার, ৪:৩৫ অপরাহ্ন
বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের অভিযোগে যমুনা অয়েল কোম্পানির ডিপোতে যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। অভিযানে ট্যাংকে সংরক্ষিত তেলের হিসাবের সঙ্গে গরমিল পাওয়া গেছে। এ ঘটনায় ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) মধ্যরাতে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং বাগেরহাট জেলা প্রশাসনের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানির পরিমাণ সরেজমিনে পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হয়। এতে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার তেলের গরমিল ধরা পড়ে, যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
তদন্তে দেখা যায়, ১ নম্বর ট্যাংকে মজুত ছিল ১২ লাখ ৯৮ হাজার ৭৪৭ লিটার, যা কাগজপত্রের তুলনায় ৯৩২ লিটার বেশি। ৯ নম্বর ট্যাংকে পাওয়া গেছে ২৪ লাখ ২০ হাজার ৪৯৫ লিটার, যা নথিভুক্ত পরিমাণের চেয়ে ১২ হাজার ৮১৮ লিটার বেশি। অন্যদিকে ১৪ নম্বর ট্যাংকে মজুত পাওয়া গেছে ১২ লাখ ৫৮ হাজার ৭৫৫ লিটার, যা কাগজপত্রের তুলনায় ১ হাজার ১৩৭ লিটার কম।
সব মিলিয়ে এ গরমিলকে স্বাভাবিক পরিমাপ ত্রুটির বাইরে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিষয়টি আরও খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে।
কোম্পানির দায়িত্বশীল দুই কর্মকর্তা জানিয়েছেন, তেলের পরিমাণ ইচ্ছাকৃতভাবে কম-বেশি দেখিয়ে ভবিষ্যতে আত্মসাতের সুযোগ তৈরি করা হয়েছে—এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবস্থাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মোংলা ডিপো থেকে তেল সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মো. আল আমিন খানের দপ্তরে গেলে তিনি কথা বলতে রাজি হননি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, “ঘটনাটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বরাবর জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারা গ্রহণ করবে।”
অবৈধভাবে মজুদকৃত তেলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলমান রয়েছে।