
(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৮:১৪ অপরাহ্ন
জ্বালানি তেল পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি এবং অবৈধভাবে সার বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলাতদিয়াড় এলাকায় তদারকি অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি ও সংরক্ষণের দায়ে ভালাইপুর বাজারের মেসার্স কুদ্দুস বীজ ভান্ডার ও কীটনাশক ব্যবসার স্বত্বাধিকারী কুলচারা গ্রামের আব্দুল কুদ্দুসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, একই আইনের ৪৫ ধারায় অবৈধভাবে সার বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স নিউ তুষার ট্রেডার্সের স্বত্বাধিকারী তুষার আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, ৫ লিটার জ্বালানি তেল মাপে ৩০০ মিলিলিটার কম দেওয়া এবং পরিমাপক যন্ত্রে কারচুপির দায়ে মেসার্স রহমান অটোমোবাইলের স্বত্বাধিকারী মশিউর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজ বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।