
(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:৫৮ অপরাহ্ন
পটুয়াখালীর কুয়াকাটায় দিন দিন প্রকট আকার ধারণ করছে জ্বালানি তেলের সংকট। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলে ও মৎস্য সংশ্লিষ্টরা। এর প্রভাব পড়েছে পরিবহন খাত ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও।
জানা গেছে, ডিজেলের অভাবে গত এক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে পারেননি অনেক জেলে। দেশের অন্যতম বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের খাপড়াভাঙ্গা নদীতে শত শত মাছধরা ট্রলার নোঙর করে থাকতে দেখা গেছে।
এদিকে, কুয়াকাটার পেট্রোল পাম্পগুলোতে অকটেন প্রায় অপ্রাপ্য হয়ে পড়েছে। পেট্রোলও দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মোটরসাইকেল চালকরা মাত্র ১০০ থেকে ২০০ টাকার পেট্রোল পাচ্ছেন।
সকাল থেকেই জেলার অন্তত ৭টি পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে করে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন চালকদের পাশাপাশি ব্যবসায়ীরাও পড়েছেন চরম দুর্ভোগে।
স্থানীয়রা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, না হলে মৎস্য খাতসহ পুরো অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।