
(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৬ অপরাহ্ন
“ধর্মমন্ত্রীর বাড়ির পাশে মন্দিরে আগুন” শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তরের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহ-সভাপতি রতন দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস।
বক্তারা বলেন, মুরাদনগরে দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ নেই। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে বিতর্কিত করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বটগাছে কাপড় জড়িয়ে আগুন লাগিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। পরে বিভিন্ন আইডি থেকে তা শেয়ার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।
বক্তারা এসব অপপ্রচার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।