
(৭ মাস আগে) ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৩৪ অপরাহ্ন
পিরোজপুর:পিরোজপুরে ২০১৩ সালে সংঘটিত এক কিশোরী কে অপহরণ ও ধর্ষণ মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার (৩১ মার্চ) বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইবুনাল এর বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল গ্রামের বেলায়েত শেখের পুত্র মিলন শেখ (২৮) একই উপজেলার শেখমাটিয়া গ্রামের সাহেব গাজীর ছেলে মারুফ গাজী (২৪) এবং পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক গ্রামের মৃত আকতার গাজীর ছেলে অলি গাজী (২৫)।
মামলার প্রধান আসামি মিলন সেখকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অন্য দুই আসামি অলি গাজী ও মারফ গাজী কিশোরী ভিকটিমকে অপহরণের দায়ে প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম পিরোজপুর সদর উপজেলার পশ্চিম কদমতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ১৩ বছরের কিশোরী। ২০১৩ সালের ২৩ মার্চ ওই কিশোরী জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় মামাবাড়ি থেকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌঁছলে দন্ডিত অলি গাজী ও মারুফ গাজী তাকে অপহরণ করে পৌর শহরের কৃষ্ণনগর এলাকায় নিয়ে যায়।
সেখান থেকে তারা তাকে খুলনায় মিলন শেখের কাছে পৌঁছে দিলে মিলন বিয়ের নাটক সাজিয়ে মুসলিম বানিয়ে গোপালগঞ্জে একটি ভাড়া বাসায় নিয়ে জোর পূর্বক ২০ থেকে ২২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে কিশোরী সুযোগ পেয়ে পাশের বাসায় গিয়ে আশ্রয় নিয়ে তার বাড়িতে বাবাকে ফোন দেয়। তার বাবা মনোজ সিংহ পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে এবং বাদী হয় পিরোজপুর সদর থানায় ওই তিনজনের বিরুদ্ধে অপহরণসহ ধষর্ণের মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন।
মামলায় বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম সরদার শাজাহান এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন।