
(৭ মাস আগে) ১ এপ্রিল ২০২৬, বুধবার, ৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০৬ অপরাহ্ন
দেশব্যাপী ক্রীড়া জাগরণ সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে আগামী ৩০ এপ্রিল। এদিন সিলেট জেলা স্টেডিয়াম থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন উপলক্ষে ঠিক এক মাস আগে বুধবার সিলেটে এসে আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সফরকালে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, দেশের সর্বস্তরে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে প্রাথমিক পর্যায় থেকেই ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনা রয়েছে। এজন্য আগামীতে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিভা বাছাই কার্যক্রম শুরু করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজন থাকবে এবং দেশের বিভিন্ন জেলা থেকে ক্রীড়াবিদ ও কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে আয়োজন সফল করতে বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে।