banglahour

জ্বালানি সংকট: স্কুলে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে বিতর্ক

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(২ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৬ অপরাহ্ন

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় মেট্রোপলিটন এলাকার স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পাঠদান চালুর পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী শ্রেণি বিভাজন করে একদিন সরাসরি এবং অন্যদিন অনলাইনে ক্লাস নেওয়া হতে পারে। 

অনলাইন ক্লাসের দিনেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। পাশাপাশি বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়ার কথাও রয়েছে।
তবে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষাবিদদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। তাদের মতে, করোনাকালে অনলাইন শিক্ষার অভিজ্ঞতায় যে শেখার ঘাটতি তৈরি হয়েছিল, একই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। বিশেষ করে দেশের সব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা এখনো সমানভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে মনে করছেন তারা।


অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে অনলাইন-অফলাইন মিশ্র পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মতামত। কেউ এটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখলেও, অনেকেই ধারাবাহিকতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে।


অভিভাবকদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ সন্তানের নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এই উদ্যোগকে সমর্থন করছেন, আবার কেউ শিক্ষার মান ও মনোযোগে প্রভাব পড়ার শঙ্কা তুলে ধরছেন।


তবে শিক্ষকরা বলছেন, করোনাকালে অর্জিত অনলাইন পাঠদানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে তারা প্রস্তুত। দেশের স্বার্থে যেকোনো পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার ওপরই জোর দিচ্ছেন তারা।
এদিকে শিক্ষাবিদরা অনলাইনের বিকল্প ভাবনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। 

তাদের মতে, বর্তমান বাস্তবতায় অনলাইন শিক্ষার পূর্ণাঙ্গ অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। এর পরিবর্তে স্কুলের সময়সূচি পরিবর্তন করে আরও সকালে ক্লাস নেওয়া, এসি-ফ্যানের ব্যবহার কমানোসহ অন্যান্য জ্বালানি সাশ্রয়ী উদ্যোগ নেওয়া যেতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল