banglahour

নদী-খাল বেষ্টিত পিরোজপুরে সুপেয় পানির তীব্র সংকট, দুর্ভোগে পৌরবাসী

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৪ অপরাহ্ন

নদী ও খালবেষ্টিত দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে সুপেয় পানির তীব্র সংকটে ভুগছেন পৌরসভার প্রায় দুই লক্ষ বাসিন্দা। সঠিক পরিকল্পনার অভাব, উৎপাদন ঘাটতি এবং পুরনো অবকাঠামোর কারণে দিন দিন এই সংকট প্রকট আকার ধারণ করছে।


পিরোজপুর পৌরসভায় প্রতি ঘণ্টায় প্রায় ৯ লাখ লিটার পানির চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র ৩ লাখ লিটার। ফলে গরম মৌসুম শুরুর আগেই দেখা দিয়েছে তীব্র পানি সংকট। পানি সংকটের কারণে অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।


পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পুকুর শুকিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী দিনে দুইবার দুই ঘণ্টা পানি সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে অনেক সময় এক ঘণ্টাও পানি পাওয়া যাচ্ছে না। কখনো কখনো একদিন পর পর পানি সরবরাহ করা হচ্ছে। এতে করে পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।


ঐতিহ্যবাহী পিরোজপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় প্রায় দেড়শ বছর আগে এবং ১৯৮৭ সালে জেলা হিসেবে মর্যাদা পায়। প্রায় ৫০ বছর আগেও এখানে সুপেয় পানির জন্য পুকুর ও নলকূপ ছিল।

পরবর্তীতে ১৯৮৩ সালে জনস্বাস্থ্য বিভাগ পানি শোধনাগার চালু করে। শুরুতে ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উৎপাদন হলেও বর্তমানে তা বেড়ে ৩ লাখ লিটারে দাঁড়িয়েছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুল খান জানান, “প্রায় ১৮ হাজার টাকা খরচ করে পানির সংযোগ নিয়েছিলাম। কিন্তু লাইনে কোনো পানি না পাওয়ায় সংযোগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমাদের এলাকায় টিউবওয়েলও বসানো যায় না, তাই আমরা পুরোপুরি পৌরসভার পানির ওপর নির্ভরশীল।


৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক বলেন, “পানির সমস্যার কারণে ভাড়াটিয়ারা এখানে থাকতে চায় না। আমার তিনটি ভাড়া ঘরের মধ্যে দুটোর ভাড়াটিয়াই পানি সংকটের কারণে চলে গেছে।


ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কর্মচারী বাবুল হাওলাদার জানান, সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না। তিনি বলেন, “প্লান্টের পুকুর খনন এবং ৩০-৪০ বছর আগে বসানো চিকন পাইপ পরিবর্তন করে বড় পাইপ বসানো হলে পানির সমস্যা অনেকটাই কমে আসবে।


এ বিষয়ে পৌরসভার পানি ও পয়নিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, “জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পানির চাহিদাও বেড়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে নদী ও খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানি সরবরাহ কমে যায়। নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। এটি বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে, তবে এটি সময়সাপেক্ষ এবং অর্থ বরাদ্দের বিষয়ও রয়েছে।


পানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী গ্রীষ্মে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল