banglahour

মাদকমুক্ত সমাজ গড়তে বাঞ্ছারামপুরে বিএনপি নেতা মুসার হুঁশিয়ারি।

সারাদেশ | বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৪ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর  উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন মিয়া।


সভায় সভাপতির বক্তব্যে একেএম ভিপি মুসা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বাঞ্ছারামপুরের মাটিতে কোনো ঠাঁই হবে না। যারা এসব অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক ও গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।


তিনি আরও বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এখনই সবাইকে সচেতন হতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়।


প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. ইয়াসিন মিয়া বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো ধরনের সুপারিশ বা প্রভাব আমরা গ্রহণ করবো না। আমি এখানে দায়িত্ব পালন করতে এসেছি, ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে নয়। আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই বাঞ্ছারামপুরকে অপরাধমুক্ত করতে পারবো।


তিনি আরও জানান, বাঞ্ছারামপুর মডেল থানা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে।

বাঞ্ছারামপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সাঈদ খান, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন বাসু, লুৎফুর রহমান লাতু, সাবেক কাউন্সিলর ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মীর মোশাররফ হোসেন বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।


তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবারভিত্তিক নজরদারি এবং কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
এছাড়াও সভা থেকে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাতের বেলায় পুলিশি টহলের পাশাপাশি স্থানীয় উদ্যোগে নজরদারি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল