banglahour

বাংলা আওয়ারে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের, অবশেষে ভারত থেকে ফিরছে আজিজুরের মরদেহ

জাতীয় | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১০:৩৯ অপরাহ্ন


​দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারত থেকে দেশে ফিরছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহনাবাদ গ্রামের যুবক আজিজুল ওরফে আজিজুর রহমানের (২৪) মরদেহ। গত ৩১ মার্চ বাংলা আওয়ার নীউজ পোর্টালে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এরই ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে মরদেহ ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


গত ২২ মার্চ ২০২৬ তারিখে ভারতের অভ্যন্তরে আজিজুর রহমান নিহত হন। তার পিতা মরদুজা এবং পরিবারের সদস্যরা দীর্ঘ কয়েকদিন ধরে মরদেহ ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছিলেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
​পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে গত ১ এপ্রিল (স্মারক নং- ৪৪.০০.০০০০.০০০.১০৪.২৪.০০০৭.২৫.২৬৮) এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের নির্দেশনায় ২ এপ্রিল একটি জরুরি পত্র জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (দক্ষিণ এশিয়া-১) মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত ওই পত্রে জানানো হয় যে, আজিজুরের মরদেহ বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ‘নো অবজেকশন সার্টিফিকেট’  বা অনাপত্তিপত্র ইস্যুর কাজ সম্পন্ন হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, আজ ২ এপ্রিলের মধ্যে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সফল না হলে আগামী ৩ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে মরদেহটি কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর জোরালো সম্ভাবনা রয়েছে। এই লক্ষ্যে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ প্রদান করা হয়েছে।

নিহত আজিজুরের পরিবারের সদস্যরা বাংলা আওয়ার'কে জানায়, ‘আমরা শোকাতুর অবস্থায় দিশেহারা ছিলাম। বাংলা আওয়ারে সংবাদ প্রকাশের পর প্রশাসন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এখন অন্তত ছেলের মরদেহটা নিজ দেশে মাটি দিতে পারব, এটাই সান্ত্বনা।’


​পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দ্রুত পদক্ষেপের ফলে আজিজুরের মরদেহ ফিরিয়ে আনার জটিলতা কেটে গেছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তার নিথর দেহ স্বজনদের হাতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল