
(৭ মাস আগে) ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, ২:৫৮ অপরাহ্ন
বাবার দেখানো পথেই কি তবে পা মেলাচ্ছেন বড় কন্যা? রাজনৈতিক মহলে জল্পনা ছিলই। এবার খোদ নিজের জন্মভিটে ঠাকুরগাঁওকে ঘিরে আবেগঘন এক ফেসবুক বার্তায় সেই জল্পনার আগুনে ঘি ঢাললেন ডঃ শামারুহু মির্জা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব এবং বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যার এই পোস্ট ঘিরেই এখন শোরগোল এই বাংলার খরা রাজনীতিতে।
শামারুহু তাঁর পোস্টে সরাসরি রাজনীতির চেনা ছকে পা না দিলেও, সমাজসেবা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছেন, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি নিজের ফেসবুক দেওয়ালে শামারুহু লেখেন, ঠাকুরগাঁওয়ের প্রতি ইঞ্চি মাটির সঙ্গে তাঁর নাড়ির টান। তাঁর ভাষায়—
“আমি যখন ঠাকুরগাঁ গিয়েছি, সাঁওতাল পাড়ায় যেমন গেছি, আশ্রম পাড়ায় ও গিয়েছি। ঠাকুরগাঁওয়ের প্রতিটি সেন্টিমিটার জায়গা আমার খুব কাছের।”
কেবল স্মৃতিচারণ নয়, তাঁর বার্তায় ছিল এক দৃঢ় সংকল্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, সমাজের যে স্তরেই হোক না কেন, যদি কারোর ওপর অন্যায় করা হয়, তবে তিনি চুপ করে বসে থাকবেন না। শামারুহু লিখেছেন—
“আমি সব সময় চেষ্টা করব সেই ব্যক্তির পাশে দাঁড়াতে, যাঁর প্রতি অন্যায় হচ্ছে। সে যেই হোক।”
নিজের এই লড়াইয়ে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে বিনয় প্রকাশ করলেও স্রষ্টার ওপর ভরসা রেখেছেন তিনি। যুক্তি এবং প্রমাণের নিরিখেই যে তিনি সত্যের পথে লড়াই করতে চান, সেই বার্তাও দিয়েছেন স্পষ্ট ভাষায়।
পোস্টটি প্রকাশ্যে আসতেই তাতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অন্তত ২১৯ জন নেটিজেন শামারুহুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নেটাগরিকদের বড় অংশই মনে করছেন, বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে শামারুহু যদি মানুষের সেবায় এগিয়ে আসেন, তবে তা ঠাকুরগাঁও এবং দেশের জন্য ইতিবাচক হবে।
বাংলাদেশের রাজনীতির এই উত্তাল সময়ে মির্জা ফখরুলের কন্যার এমন জনমুখী বার্তা নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, এখন সেটুকুই দেখার।