
(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:১৯ অপরাহ্ন
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের মাধ্যমে আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থা ও অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড)’।
Bald
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে এসব কথা জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা চরম সংকটে পড়েছে।
এতে দেশে এলএনজি সরবরাহ প্রায় ৬৩ শতাংশ কমে গেছে বলে দাবি করা হয়। এর ফলে তৈরি পোশাক শিল্পে উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়েছে।
তারা আরও জানান, গ্যাস ও জ্বালানির ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ অব্যবহৃত থাকছে। একইসঙ্গে কৃষি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে, ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে।
এই পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমিয়ে ‘সৌর বিপ্লব’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দেশের প্রায় ৪ কোটি পরিবারের ছাদে সৌর প্যানেল স্থাপন করা গেলে প্রায় ১৬ হাজার ৩৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, যা বছরে প্রায় ৪৮ হাজার ৮১৩ কোটি টাকা সাশ্রয় করতে পারে।
সংকট উত্তরণে সরকারের কাছে ১৩ দফা সুপারিশও পেশ করা হয়। এর মধ্যে রয়েছে—সৌর সরঞ্জামের ওপর সকল শুল্ক প্রত্যাহার, ৪১ শতাংশ পরিবারের জন্য সৌর প্যানেল স্থাপনে ভর্তুকি প্রদান এবং জাতীয় জ্বালানি বাজেটের অন্তত ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ রাখার।