banglahour

কাপ্তাই কর্ণফুলী পেপার মিল পরিদর্শনে রাঙ্গামাটি জেলা প্রশাসক

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ৭:৫৭ অপরাহ্ন

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পরিদর্শন করেছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে তিনি কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।


পরিদর্শনকালে প্রায় ৭৫ বছরের পুরোনো এই কারখানা এখনো উন্নত মানের কাগজ উৎপাদনে সক্ষম—এ তথ্য জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় উদ্বেগও প্রকাশ করেন জেলা প্রশাসক। কিভাবে দ্রুত কারখানাটি পুনরায় চালু করা যায়, সে বিষয়ে কেপিএম অতিথি ভবনে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বৈঠকের শুরুতে জেলা প্রশাসক কারখানাটি পূর্ণমাত্রায় চালু করতে কী কী সমস্যা রয়েছে, তা জানতে চান এবং সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরার আহ্বান জানান।


এসময় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্ বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এই কারখানায় ১৯৫৩ সাল থেকে কাগজ উৎপাদন শুরু হয়। দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন হলেও বর্তমানে যান্ত্রিক ত্রুটি, দক্ষ জনবল সংকট এবং কাঁচামালের উচ্চমূল্যের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।


তিনি জানান, বর্তমানে প্রতি মেট্রিক টন কাগজ উৎপাদনে ব্যয় হচ্ছে ২ লাখ টাকার বেশি, অথচ সরকার নির্ধারিত দামে তা বিক্রি করতে হচ্ছে প্রায় দেড় লাখ টাকায়। ফলে প্রতি টনে ৫০ হাজার টাকারও বেশি লোকসান গুনতে হচ্ছে কেপিএমকে। বেসরকারি কারখানার মতো ইচ্ছেমতো মূল্য সমন্বয়ের সুযোগ না থাকায় সংকট আরও তীব্র হচ্ছে।


এছাড়া, গত প্রায় চার দশক ধরে কেপিএমে বড় ধরনের সংস্কার (বিএমআরই) না হওয়ায় যন্ত্রপাতি ও অবকাঠামো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কেবল বিএমআরই করে কারখানাকে সচল করা সম্ভব নয় বলেও মত দেন তিনি।


তিনি আরও জানান, কেপিএম এলাকায় নতুন করে ৭টি শিল্পকারখানা স্থাপনের প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হয়েছে, যা বর্তমানে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।


সংকটের মধ্যেও জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে ৯০০ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও প্রয়োজনীয় কাগজ সরবরাহ করতে পারবে কেপিএম।


জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কর্ণফুলী পেপার মিল দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এর উন্নয়ন ও পুনরুজ্জীবনে জেলা প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি বলেন, পরিদর্শনের মাধ্যমে কারখানার সমস্যাগুলো সরাসরি জানা গেছে এবং সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়েছে।


তিনি আরও জানান, কেপিএমের সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দ্রুত উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল