banglahour

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ: শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ সপ্তাহ আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ১০:৪০ অপরাহ্ন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০-৮০০ পোশাক শ্রমিক। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শ্রমিকদের দাবি পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।


ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রীদ্বয় মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আলোচনা শেষে শ্রমমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে উপস্থিত হয়েছেন এবং আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ, বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে।


তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তবে এমন একটি সমাধান খুঁজে বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।


প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় অন্যান্য সময়ের মতো সড়ক অবরোধের পরিস্থিতি সৃষ্টি হয়নি। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে শ্রমিকদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।


আলোচনাকালে নাসা মেইনল্যান্ড কর্তৃপক্ষ জানায়, তাদের ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ জব্দ থাকায় কারখানা পরিচালনায় জটিলতা সৃষ্টি হয়েছে। তবে তারা মার্চ মাসের বেতন পরিশোধে সক্ষম। পাশাপাশি শ্রমিকদের ‘আর্নড লিভ’ বাবদ পাওনা পরিশোধে সরকারের সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানটি।


শ্রমমন্ত্রীর সুনির্দিষ্ট আশ্বাস এবং আগামীকালের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল